
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ইউনিয়ন পরিষদে পরিবহন উন্নয়নে ৩২৯ কোটি টাকা বরাদ্দ, সুবিধা পাচ্ছে ৩,২৫৩ ইউপি
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় পরিবহন উন্নয়ন সহায়তা খাতে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-২ শাখা থেকে সম্প্রতি জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বরাদ্দকৃত অর্থ ছাড় ও ব্যয়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ অর্থ নির্ধারিত উন্নয়ন কার্যক্রমে এবং সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প অনুযায়ী ব্যয় ও বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২১, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এবং প্রযোজ্য সব আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
অর্থ ছাড় ও ব্যবস্থাপনা প্রক্রিয়া
বরাদ্দের অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষরসহ বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। পরে প্রচলিত আর্থিক বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা যৌথভাবে এ অর্থ উত্তোলন করবেন এবং ব্যয়ের হিসাব সংরক্ষণ করবেন।
এ বরাদ্দের অর্থ ছাড় ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে আরও সতর্ক করে বলা হয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। একই সঙ্গে বরাদ্দের অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



