
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
চিতলমারীতে অগ্রনী ব্যাংক ‘বাংলা কিউআর’কোড সচেতনতা ক্যাম্পেইন, ক্যাশলেস লেনদেনে জোর
চিতলমারী প্রতিনিধি:

‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ সম্প্রসারণ ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিএলসির চিতলমারী ও দেপাড়া শাখার যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী এবং মো. সাইফুল ইসলাম কচি।
সেমিনারে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে ‘বাংলা কিউআর’ ব্যবহারের সুবিধা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ ও আধুনিক পদ্ধতিতে লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে দেশব্যাপী সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে ‘বাংলা কিউআর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের অংশগ্রহণে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তাদের প্রত্যাশা, ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে দেশের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ হবে এবং ধীরে ধীরে নগদ অর্থনির্ভরতা কমে একটি আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে উঠবে।



