
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠিত
প্রিন্স হালদার (চিতলমারী প্রতিনিধি):

বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পূজা-অর্চনা, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা এসব আয়োজনে অংশ নেন।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তরা উপবাস, পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন। ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি ও মানবিকতার পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।
জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শেষ হয়।



