
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
দক্ষিণবঙ্গে চোরাই মোবাইলের শক্তিশালী সিন্ডিকেট উদ্ঘাটন: আইএমইআই পরিবর্তন চক্রের ৪ জন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার
বিশেষ প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দক্ষিণ অঞ্চলের একটি সংঘবদ্ধ চোরাই মোবাইল ফোন কেনাবেচা ও আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার একটি টেলিকম প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই (৫৯টি) মোবাইল উদ্ধার এবং চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রেজাউর রহমান পলাশ, মোহাম্মদ অহিদুল ইসলাম, চন্দন সাহা এবং মোহাম্মদ হোসাইন খান।
যেভাবে পরিচালিত হতো এই অবৈধ কারবার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাগেরহাটের ফকিরহাটসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় একটি চক্র সক্রিয় ছিল। এই চক্রটি মূলত বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই হওয়া স্মার্টফোন কম দামে সংগ্রহ করত। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এবং মোবাইলগুলোর আসল পরিচয় গোপনের জন্য তারা বিশেষ প্রযুক্তি ও সফটওয়্যার ব্যবহার করে হ্যান্ডসেটগুলোর আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করত। আইএমইআই পরিবর্তনের পর এসব হ্যান্ডসেট সাধারণ ক্রেতাদের কাছে সম্পূর্ণ নতুন বা ব্যবহৃত বৈধ সেট হিসেবে চড়া দামে বিক্রি করা হতো।
অভিযান ও উদ্ধারকৃত আলামত
গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের কাটাখালী ও এর আশপাশের এলাকায় নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলার ‘পুষ্প টেলিকম’ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে দোকানটি থেকে চোরাই মোবাইল ফোন এবং আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। এ সময় চক্রের মূল হোতা ও সহযোগিতায় থাকা রেজাউর রহমান পলাশ, মোহাম্মদ অহিদুল ইসলাম, চন্দন সাহা এবং মোহাম্মদ হোসাইন খানকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চোরাই মাল ক্রয়-বিক্রয়, প্রতারণা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দক্ষিণবঙ্গে সক্রিয় এই চোরাই মোবাইল চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে রিমান্ড আবেদনসহ তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হবে। আরো তথ্য জানিয়েছে এই চক্রের সাথে মাদকের সাথেও জড়িত বলে এমন তথ্য তাদের কাছে আছে, সাধারণ মানুষকে পুরোনো বা ব্যবহৃত মোবাইল কেনার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ।



