
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করায়
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:


বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মুসফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে একটি নাশকতার মামলা থাকা সত্ত্বেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ছবি ব্যবহার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার ব্যস্ততম ফলতিতা বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ
বিকাল সাড়ে চারটার দিকে ফলতিতা বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পরে ফলতিতা বাজার মোড়ে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন,
”যাঁরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, সেই জাতীয়তাবাদী শক্তির শীর্ষ নেতাদের ছবি কোনো নাশকতার মামলার এজাহারভুক্ত আসামির ব্যানার বা ফেস্টুনে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক এবং গভীর ষড়যন্ত্রের অংশ।”
মূল দাবি ও হুঁশিয়ারি
সমাবেশে বক্তারা অবিলম্বে মুসফিকুল ইসলাম বাবুর রাজনৈতিক অপতৎপরতা ও বিএনপি-র শীর্ষ নেতাদের ছবি ব্যবহারের তীব্র নিন্দা জানান। এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত কুচক্রী মহলের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।



