
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটের ৮ ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বাবু কপিল কৃষ্ণ মণ্ডল
নিজস্ব প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মণ্ডল। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মণ্ডপগুলোতে অনুদান প্রদান করেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আট্টাকী শীতলাতলা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কর্মসূচি শুরু হয়। পরে তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ফকির শহিদুল আলম, বিএনপি নেতা কবির আহমেদ, মৎস্যজীবী দলের সভাপতি খান শহিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি কলিনা ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর ফকিরহাট উপজেলায় ৭০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে বাবু কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সরকারি অনুদানও বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, গত বছর সারা দেশে ৩৩ হাজার ৩৬৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর ৪৮৬টি মণ্ডপ বেড়ে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



