
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, পুলিশ লাইনে সংযুক্ত
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলামের বিরুদ্ধে এক নারীর কাছে তাঁর চার বছর বয়সী শিশুকে উদ্ধারের বিষয়কে কেন্দ্র করে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগটি গণমাধ্যমের নজরে আসার পর ওই এএসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী নারীর দাবি, তাঁর শিশুকে উদ্ধারের বিষয়ে থানায় অভিযোগ করার পর সংশ্লিষ্ট এএসআই তাঁর কাছে অর্থ দাবি করেন। ঘুষের টাকা চাওয়ার সময় ওই এএসআই একজন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া কথোপকথনের একপর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তাঁর চেয়ার নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
বিষয়টি জানাজানি হওয়ার পর বাগেরহাট জেলা পুলিশ প্রশাসন ওই এএসআইকে ফকিরহাট মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে বলে জানা গেছে।
তবে এএসআই রবিউল ইসলামের বিরুদ্ধে ওঠা ঘুষ দাবি ও অন্যান্য অভিযোগের সত্যতা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য এবং তদন্তের বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।



