
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে কেডিএ’র সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময় সভা
ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং তাদের মতামত গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম।
সভায় কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. ছাবিরুল আলম ও প্ল্যানিং অফিসার মো. তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ফকিরহাট উপজেলার সাধারণ মানুষের পক্ষ থেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, বিএনপি নেতা ফরহাদ হোসেন ও মো. রফিকুল ইসলাম। এছাড়া সাংবাদিক প্রতিনিধি সৈয়দ জালিস মাহমুদ ও আজিজুল রহমানসহ মো. রুবেল, ছাব্বির মোল্লা, মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ফকিরহাট উপজেলার লখপুর, বেতাগা, শুভদিয়া, পিলজংগ, বাহিরদিয়া ও সদর ইউনিয়নের প্রায় ৩৫টি মৌজাকে কেডিএ’র আওতাভুক্ত এলাকার অংশ হিসেবে উপস্থাপন করা হয়। এ সময় মাস্টার প্ল্যান বাস্তবায়ন, পরিকল্পিত নগরায়ণ এবং কেডিএ’র বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বর্তমান সরকার অবহেলিত খুলনাকে সর্বাধিক উন্নয়নের মডেল হিসেবে দেখতে চায়। খুলনাকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনার লক্ষ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন বলেন, বর্তমান নির্বাচিত সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, তার সফল বাস্তবায়নে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



