
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে ১১ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ মো. বাবু শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ফকিরহাট মডেল থানার একটি পুলিশ দল বিশ্বরোড মোড়ে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফকিরহাট থানার ৮ নম্বর ওয়ার্ডের দোহাজারী গ্রামের শিবমন্দিরের সামনে তিন রাস্তার মোড়সংলগ্ন পাকা সড়কে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এএসআই শ্রী অমিত কুমার মণ্ডল ও এএসআই মো. আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত ১০টা ১৫ মিনিটে অভিযানের উদ্দেশ্যে রওনা হন।
পরে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে মো. বাবু শেখ (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফকিরহাট এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুর রাজ্জাক শেখ এবং মাতার নাম পারভীন বেগম। এ সময় তাঁর দখল থেকে ১১ পিস কথিত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামত ও জব্দতালিকাসহ থানায় হাজির হয়ে এ ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিশেষ দ্রষ্টব্য: ছবিতে উল্লিখিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত বিপি নম্বর ও মোবাইল নম্বর নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে সংবাদে প্রকাশ করা হয়নি।



