
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাটে ১৩ বছরের শিশুর শরীরে আঘাত ও জিডি নিয়ে ‘চ্যানেল বাগেরহাট’-এর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সম্পাদক (চ্যানেল বাগেরহাট)

বাগেরহাটের ফকিরহাটে একটি ১৩ বছরের শিশুর শরীরে আঘাতের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “চ্যানেল বাগেরহাট”-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহলের ইন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। চ্যানেল বাগেরহাট কতৃপক্ষের পক্ষ থেকে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ফকিরহাট থানায় সম্প্রতি একটি শিশু নির্যাতনের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিডি দায়ের করা হয়। আইনগত প্রক্রিয়া শুরু হওয়ার পরই “চ্যানেল বাগেরহাট” ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করে। কিন্তু পরবর্তীতে একটি স্বার্থান্বেষী মহল ফেসবুক পেজ ও বিভিন্ন আইডি থেকে চ্যানেলটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়াতে শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, বিএনপির কোনো নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের প্রতিবাদের জের ধরে চ্যানেলটি নাকি মনগড়া বা মিথ্যা সংবাদ প্রচার করেছে। তবে “চ্যানেল বাগেরহাট”-এর অনুসন্ধানী টিম ও প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে গিয়ে দেখা যায়, এই দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
প্রমাণ ও বাস্তবচিত্র:
সংবাদ প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে এবং এর স্বপক্ষে আইনগত ভিত্তি রয়েছে। ফকিরহাট থানায় দায়েরকৃত মূল অভিযোগপত্রের ছবি এবং নির্যাতিত ১৩ বছরের শিশুটির শরীরে আঘাতের দৃশ্যমান ক্ষতের ছবি প্রতিবেদনের সঙ্গে সুরক্ষিত রয়েছে। একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শিশু নির্যাতন ও আইনি পদক্ষেপের মতো একটি স্পর্শকাতর বিষয়কে ভিন্নখাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ওপর ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।
”চ্যানেল বাগেরহাট”-এর সম্পাদক ও সংবাদকর্মীরা স্পষ্ট করে জানিয়েছেন, হলুদ সাংবাদিকতা বা কারো ইন্ধনে সংবাদ পরিবেশন করার ইতিহাস এই গণমাধ্যমের নেই। শিশু নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে চ্যানেলটি।
ভবিষ্যতেও এ ধরনের কোনো হুমকি বা অপপ্রচারে বিচলিত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রচার অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে “চ্যানেল বাগেরহাট”। একইসঙ্গে সাধারণ পাঠক ও জনসাধারণকে এই ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচারে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



