
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফকিরহাট মডেল থানার নতুন ইনচার্জের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় নতুন ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো:রজিউল্লাহ খান যোগদান করায় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
এ সময় তাঁর সাথে ফকিরহাট উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বিএনপি সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা মডেল থানার নতুন ইনচার্জকে ফকিরহাট উপজেলায় স্বাগত জানান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে ও অপরাধ দমনে পুলিশের পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নতুন ইনচার্জ সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ফকিরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।



