
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
ফের আলোচনায় বাগেরহাটের সিভিল সার্জন, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:

বাগেরহাটের সিভিল সার্জনকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বারবার ঘুমিয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
বাগেরহাটের রামপাল উপজেলার ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ সুপার, সমাজসেবাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্যান্সারবিষয়ক পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে চিকিৎসকেরা প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় সামনের সারিতে বসা বাগেরহাটের সিভিল সার্জন বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলে অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার এমন আচরণ নিয়ে উপস্থিত অনেকের মধ্যে আলোচনা তৈরি হয়।
সচেতন মহলের কয়েকজনের দাবি, জেলার হাসপাতালগুলোর সার্বিক স্বাস্থ্যসেবা, চিকিৎসার মান এবং প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে আরও পেশাদার আচরণ প্রত্যাশিত। তাঁদের মতে, জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করা জরুরি।
এ অবস্থায় বাগেরহাটের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং হাসপাতালগুলোর কার্যক্রমে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সচেতন মহলের কেউ কেউ। তাঁদের দাবি, সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এর আগেও বৈঠকে আচরণ নিয়ে অভিযোগ
উল্লেখ্য, কিছুদিন আগে আইন ও সংসদবিষয়ক মন্ত্রীর একটি সভায় বাগেরহাটের সিভিল সার্জনের বারবার মুঠোফোনে কথা বলা এবং একপর্যায়ে সভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ পাওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
জেলার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে ঘিরে পরপর এমন অভিযোগ ওঠায় জনস্বার্থে বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।



