
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটের কৃতিসন্তান এমপির অংশগ্রহণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক
বাগেরহাট বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, কর্মমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়।
বৈঠকে দেশব্যাপী উপজেলা পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ কর্মসূচির ব্যাপক প্রচারের সুপারিশ করা হয়।

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়। প্রকল্পের নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে জন্য কার্যকর নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে বাগেরহাটের কৃতিসন্তান ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যের অংশগ্রহণের মধ্য দিয়ে যুবসমাজের উন্নয়ন, ক্রীড়ার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সুপারিশ উঠে আসে।



