
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে চেতনানাশক স্প্রে করে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার সেই আসামি গ্রেপ্তার
বাগেরহাট বিশেষ প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মোখলেছ মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মোখলেছ মোল্লা উপজেলার বেতাগা গ্রামের মজলু মোল্লার ছেলে। পরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান। গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে তাঁদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে দুজনকে অচেতন করে। এ সময় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা।
পরদিন দুপুরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এ হত্যা মামলার তদন্তে মোখলেছ মোল্লার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। এরপর শনিবার ভোরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে সকালে তাঁকে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।



