
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে চোরাই ১১টি গরু ও পিকআপ উদ্ধার, তিন আসামি গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে চোরাই ১১টি (ছোট-বড়) গরু, গরু বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
বুধবার (৩০ জুলাই) ভোর রাত ৩টা ৪০ মিনিটে খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ফকিরহাট থানার মামলা নং-১৪, তারিখ ১৯ জুলাই ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ এর তদন্তকালে গ্রেপ্তার আসামি ইসমান শেখ (৪০) ও নাহিদ শেখ (২৭)-কে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল প্রথমে ফকিরহাট থানাধীন শিয়ালী ফিলিং স্টেশন এলাকা থেকে চোরাই গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (রেজি: খুলনা মেট্রো-ন-১১-২০২২) জব্দ করে।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে আরিফ মোল্লার গোয়ালঘরে অভিযান চালিয়ে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়। একই সঙ্গে গরু রাখার অভিযোগে আরিফ মোল্লা (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইসমান শেখের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চোরাই মাল গ্রহণ, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধেও চোরাই মাল গ্রহণ, ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলা রয়েছে। এছাড়া আরিফ মোল্লার বিরুদ্ধে চোরাই মাল গ্রহণ ও মারামারির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



