
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার
বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে ওই প্রবাসীর বাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে দায়িত্ব পালনের সুবাদে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর রোববার বিকেলে তাকে বাগেরহাট মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, “এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
তবে অভিযোগের বিষয়ে এসআই দ্বীপ মন্ডলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



