
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা
বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান টুটুলকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ আগস্ট) রাতে রামপাল উপজেলার প্লানের বাজার মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে রামপাল থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জাহিদুর রহমান টুটুল প্লানের বাজার এলাকার বাসিন্দা। তিনি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রামপাল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাহিদুর রহমান টুটুল বলেন, “গতকাল সোমবার দলীয় কাজে মোংলা উপজেলায় গিয়েছিলাম। সন্ধ্যার পর বাড়িতে আসি। কিছুক্ষণ পর ভাগ্নেদের ফোন পেয়ে আবার বাড়ি থেকে বের হয়ে প্লানের বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দিই। বাড়ি থেকে বের হয়ে প্রায় ২০ গজ রাস্তা হাঁটার পর নদীর পাশ থেকে চারজন মুখোশধারী লোক আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। তাকিয়ে দেখি কালো মুখোশ পরা চারজন লোক। তিনজনের হাতে রামদা এবং একজনের হাতে বন্দুক ছিল। একজন বলছিল, ‘টান দে।’ মুহূর্তের মধ্যেই আমি দৌড় দিই এবং চিৎকার করি। এ সময় মসজিদের সামনে থেকে দুইজন লোক টর্চলাইটের আলো ফেলেন। আমি দৌড়ে নিরাপদ স্থানে চলে যাই। পরে আর তাদের পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই এসেছিল। আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই। আমি মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি। এ কারণেই হয়তো কেউ আমাকে হত্যার চেষ্টা করতে পারে। তবে কারা আমাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল, সে বিষয়ে আমি নিশ্চিত নই।”
এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান জাহিদুর রহমান টুটুল।
রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু বলেন, “খবর শুনে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। জাহিদুর রহমান টুটুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার ওপর হামলার চেষ্টা নিন্দনীয়। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শেখ রাজীব আল রশিদ বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের আরও একটি দল ওই এলাকায় তদন্ত করবে। এছাড়া জাহিদুর রহমান টুটুল এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



