
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোংলায় প্রতিবন্ধী বিএনপি কর্মীর মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিলেন যুবদল নেতা
শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুকাটা গ্রামের অত্যন্ত অসহায় ও শারীরিক প্রতিবন্ধী বিএনপি কর্মী বাকি বিল্লাহ শেখের মেয়ের বিয়ের খবর জানতে পেরে তাঁর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় যুবদল নেতা মো. সাইফুল সিকদার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) তিনি এ সহযোগিতা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতার কারণে বাকি বিল্লাহ শেখ পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত অভাব-অনটনের মধ্যে দিনযাপন করছেন। সম্প্রতি তাঁর মেয়ের বিয়ের তারিখ নির্ধারিত হলেও অর্থাভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছিল পরিবারটি।
বিষয়টি জানতে পেরে যুবদল নেতা মো. সাইফুল সিকদার তাৎক্ষণিকভাবে উলুকাটা গ্রামে ওই বিএনপি কর্মীর বাড়িতে ছুটে যান। তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং বিয়ের খরচ মেটাতে তাঁর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি বিয়ের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
এ সময় যুবদল নেতা মো. সাইফুল সিকদার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠন সব সময় দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ ও দুস্থ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। বাকি বিল্লাহ ভাই দলের একজন ত্যাগী কর্মী হয়েও শারীরিক প্রতিবন্ধকতার কারণে কষ্টে দিন কাটাচ্ছেন। তাঁর মেয়ের বিয়ের মতো একটি আনন্দঘন মুহূর্তে পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শারীরিক প্রতিবন্ধী বাকি বিল্লাহ শেখ। তিনি বলেন, “মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তায় ছিলাম। বিয়ের খরচ সামলানো আমার জন্য অসম্ভব হয়ে পড়েছিল। এই কঠিন সময়ে সাইফুল ভাই যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তা আমি কখনো ভুলব না। আমি তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”



