
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোংলায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে যুবদলের মতবিনিময় সভা
শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকেল ৫টায় সুন্দরবন ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদল নেতা মো. মুরাদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। দীর্ঘদিন ধরে দলের জন্য যারা ত্যাগ ও শ্রম দিয়েছেন, নির্বাচনে তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি খান জাহান সরদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। দলের জন্য যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তাদের ত্যাগ ও অবদানকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাই মনোনয়ন নিয়ে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় ইউনিয়ন যুবদল নেতা মো. মিলন খান, মো. মাহমুদ ফরাজি, মো. মহিদুল, মো. মামুন ফকির, মো. মেহেদী হাসান, মো. শামিম হাওলাদার, মো. শুজন শেখ, মো. আক্তার শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভাকে ঘিরে সুন্দরবন ইউনিয়ন পরিষদ চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি, সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণ ও নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।



