
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে জিডির সূত্রে চুরি হওয়া মূল্যবান ফোন উদ্ধার ও আসামি গ্রেফতার
মোল্লাহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ১১ মামলার আসামি হেলাল শেখ (২৯) নামের এক যুবককে মাদক ও চুরি হওয়া আইফোন ১৫সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হেলাল শেখ মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের মৃত সালাম শেখের ছেলে।
জানা যায়, গত ১ জুলাই ২০২৬ তারিখে মোল্লাহাট থানায় হাজির হয়ে রাবেয়া (৪৯), পিতা—এম এ আকবর, একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ওই দিন দিবাগত রাতে তার বসতঘর থেকে একটি আইফোন ১৫ চুরি হয়ে যায়।
উক্ত জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হকের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি হওয়া আইফোন ১৫ ও মাদকসহ হেলাল শেখকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হেলাল শেখ মাদকসহ বিভিন্ন অপরাধের ১১টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “মোল্লাহাটের সকল ধরনের অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। হয় মাদক-চুরি-ছিনতাই থাকবে, নয়তো সমাজে পুলিশ থাকবে। মাদক কারবারিদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘হয় মাদক ছাড়তে হবে, নয়তো দেশ ছাড়তে হবে।’”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হেলাল শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



