
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে তদন্ত ওসির বিরুদ্ধে ঘুষ ও অনৈতিকতার অভিযোগ
মোল্লাহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মামলার তদন্তে অনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্নভাবে অর্থ দাবির অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ভুক্তভোগী। তাদের অভিযোগ, গত কয়েক মাসে বিভিন্ন মামলার তদন্ত ও মীমাংসার কথা বলে তিনি কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্যে জানা যায়, মোল্লাহাট উপজেলার চরগাড়ফা গ্রামের জুথি খানম (পিতা—লায়েব আলী সিকদার) বাদী হয়ে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বাগেরহাট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য মোল্লাহাট থানায় পাঠায়। ভুক্তভোগীর অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা হাতেম আলী বিভিন্নভাবে তার কাছে টাকা দাবি করেন। একপর্যায়ে তিনি ৫ হাজার টাকা দেন। পরে তাকে ডেকে আরও ৫ হাজার টাকা নেওয়া হয় এবং বাকি ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয় বলে অভিযোগ করেন জুথি।
এ ছাড়া শ্যামল নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে করা একটি অপহরণ মামলায় মামলা নিষ্পত্তির কথা বলে এক লাখ টাকা দাবি করার অভিযোগও উঠেছে তদন্ত ওসি হাতেম আলীর বিরুদ্ধে।
অন্যদিকে, ভান্ডারখোলা এলাকার হাবিবার মোল্লা (পিতা—মৃত সামছুল হক মোল্লা) জানান, দুই ভাইয়ের মধ্যে বিরোধের ঘটনায় পুলিশের উপস্থিতিতে গোলযোগের সৃষ্টি হয় এবং পরে উভয় পক্ষের বিরুদ্ধে পৃথক মামলা হয়। এ ঘটনায়ও তদন্ত ওসি উভয় পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া জয়নয় নামের এক যুবককে মামলার ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা দাবির অভিযোগও করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, অন্য এক যুবকের মাধ্যমে ওই টাকা দাবি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মোল্লাহাটের বিভিন্ন এলাকায় তদন্ত ওসি হাতেম আলীর বিরুদ্ধে এ ধরনের আরও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ নিয়ে মোল্লাহাট থানায় উপস্থিত হন। তবে তদন্ত ওসির সাক্ষাৎ না পেয়ে তারা থানা চত্বরে সাংবাদিকদের কাছে তাদের অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের বিষয়ে তদন্ত ওসি হাতেম আলীর বক্তব্য জানতে সাংবাদিকরা একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার কাছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। তাকে বারবার সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু তিনি সতর্ক হননি।”
এদিকে, তদন্ত ওসি হাতেম আলীর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—তিনি নিজেকে আওয়ামী লীগের লোক দাবি করে শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে একজন পুলিশ কর্মকর্তা উল্লেখ করে তার সরকারি দায়িত্ব পালনে কেউ বাধা দিতে পারবে না বলেও দাবি করেছেন বলে অভিযোগকারীরা জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ওসি হাতেম আলীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© 2026 চ্যানেল বাগেরহাট (Channel Bagerhat) । সর্বস্বত্ব সংরক্ষিত।
বাগেরহাটের সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ পড়ুন: www.channelbagerhat.com
সম্পর্কিত আরও সংবাদ
মোট ৩ টি সংবাদ
লখপুরে জাকের সর্দারের বাড়িতে ডাকাতি, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামে জাকের সর্দারের বাড়িতে ডাকাতির...


