
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
মোল্লাহাটে ২ হাজার কেজি অবৈধ পলিথিন আটক, গ্রেপ্তার ২
মোল্লাহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের অভিযানে প্রায় ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে পুলিশের চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা একটি রয়েল পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ২৫ বস্তা, আনুমানিক ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনার পাইকগাছা থানার গদাইপুর গ্রামের আবু হোসেন সরদারের ছেলে সালাউদ্দিন সরদার মুন্না (৩১) এবং মোংলা থানার শেলাবুনিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. শিপন হোসেন (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলিথিন সরবরাহের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে পলিথিন সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা করা হয়েছে। মামলা নং-৬, ধারা-২০১০ সালের পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত) এর ১৫(১)।



