
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রু, মুহূর্তেই উদ্ধার
শেখ তাইজুল ইসলাম (মোংলা প্রতিনিধি):

সুন্দরবনের আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রুটিন টহলের সময় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন রোববার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, এমভি আলফাডাঙ্গা প্রাইড নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল।
শনিবার দুপুর ১২টার দিকে জাহাজটির আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান। বিষয়টি রুটিন টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যদের নজরে আসে।
ঘটনা দেখতে পেয়েই কোস্ট গার্ডের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। একপর্যায়ে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। পরে তাকে নিরাপদে নিজ জাহাজে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ক্রুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ধরনের জরুরি উদ্ধার অভিযান ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোস্ট গার্ডের তাৎক্ষণিক তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



