
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচিতে কাজি আজহার আলি কলেজের অংশগ্রহণ
নিজস্ব প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ের নির্দেশনার আলোকে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আব্দুর রকিব উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আব্দুর রকিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় করে তোলার প্রতিও সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনার আলোকে কলেজের সবুজ পরিবেশ আরও সমৃদ্ধ করতে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচির ছবি, ভিডিও এবং রোপণকৃত গাছের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে।



