
চ্যানেল বাগেরহাট — অনলাইন নিউজ পোর্টাল
www.channelbagerhat.com
আওয়ামীলীগ কে প্রার্থী করায় এলাকার সাধারণ মানুষ ও বিএনপির একটি অংশর বাধার মুখে ।
(বাগেরহাট বিশেষ) প্রতিনিধি

ফকিরহাটে মানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে স্থগিত

বাগেরহাটের ফকিরহাটে ২৬ নম্বর বাহিরদিয়া মানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির নির্বাচন বা গঠন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির নতুন ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ হালদারকে সভাপতি করার পাঁয়তারা চলছে—এমন গুঞ্জনে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে তীব্র বাধা ও আপত্তি জানান।
পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিবেশ শান্ত করে।
পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা অফিসের সহযোগিতায় ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত সকলকে জানিয়ে দেন যে, পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নতুন তারিখ ও সিডিউল জানিয়ে দেওয়া হবে।
এদিকে প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ক্ষুব্ধ এলাকাবাসী বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা ব্যক্তিদের প্রভাব বিস্তার রোধ এবং তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় উপস্থিত ইনচার্জ কর্মকর্তা পরিস্থিতি শান্ত করে এলাকাবাসী ও নেতাকর্মীদের আশ্বস্ত করেন যে, এ বিষয়ে নিরপেক্ষভাবে সত্যতা যাচাই-বাছাই করা হবে এবং আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। পুলিশের এমন আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।



